Sylhet Today 24 PRINT

আজ আদালতে যাবেন পরীমণি

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০২১

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের জন্য আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দিন ধার্য রয়েছে। এই মামলায় হাজিরা দিতে মঙ্গলবার আদালতে যাবেন চিত্রনায়িকা পরীমণি।

সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পরীমণির আদালতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। তিনি বলেছেনন, সকাল সাড়ে ৯ টা থেকে ১০টার মধ্যে পরীমণি আদালতে হাজির হবেন।

ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি চার্জশিট গ্রহণ দিন ধার্য রয়েছে।

গত ৪ আগস্ট পরীমণিকে তার বাসা থেকে আটক করে র‌্যাব। এসময় বাসা থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করার কথা জানানো হয়। মাদকের মামলায় পরীমণিকে ৫ আগস্ট চারদিন এবং ১০ আগস্ট দুইদিনের রিমান্ডে নেয় পুলিশ। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। পরদিন তিনি কারামুক্ত হন।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখায় চার্জশিট জমা দেন। চার্জশিটভূক্ত অপর দুই আসামি হলেন- পরীমণির সহযোগি আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর।

গত ১২ অক্টোবর মামলাটি ঢাকা সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.