Sylhet Today 24 PRINT

আবাসিক হোটেলে নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০২১

ছবি: আদনান সাকিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আদনান সাকিব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

আদনান বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন বলে জানা গেছে। মৃত সাকিবের গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলা থানার উত্তর সোনাখুলী গ্রামে। তার বাবার নাম আব্দুল মালেক।

আদনানের সহপাঠীরা জানান, আদনান মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে নিখোঁজ ছিল পরবর্তীতে তার বন্ধুরা শাহবাগ থানায় জিডি করে। এরপর পুলিশ নাম্বার ট্রেকিং করে সেগুনবাগিচার কর্ণফুলী আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা বলেন, বুধবার (২৭ অক্টোবর) রাত ৯টায় তার স্ত্রী নুসরাত আফরিন থানায় এসে জানান তার স্বামী আদনানকে দুই দিন ধরে পাওয়া যাচ্ছে না। পরশুদিন দুপুরে শেষ কথা হয়, এরপর আর পাওয়া যায়নি। তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৯৫৪) করেন। আমরা সাকিবের মোবাইলের লোকেশন ট্র্যাকিং করি।

সেখানে দেখা যায়, সেগুনবাগিচা এলাকার একটি আবাসিক হোটেলে তার অবস্থান দেখাচ্ছে। কিন্তু সেখানে তাকে পাওয়া গেল না। পাশের কর্ণফুলী আবাসিক হোটেলে খোঁজ নিলে তার সন্ধান মেলে। আমরা ১০৭ নম্বর কক্ষে গিয়ে তাকে ডাকাডাকি করলেও সে দরজা খুলেনি। পরে দরজা ভেঙে দেখি তিনি ফ্যানের সঙ্গে ঝুলছেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, সাকিব একটি সুইসাইড নোট লিখে গেছে। সেখানে লিখেছে- তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তিনি স্ত্রীকে ভালো বলে গেছেন। তার স্ত্রীকে দোষারোপ না করার কথা লিখেছেন। সুইসাইড নোটে ১২ বছরের যন্ত্রণা থেকে মুক্তি চাওয়ার কথা বলা হয়েছে। তার কাছে ১ সেকেন্ড ১ বছরের মতো মনে হয় বলেও লেখা আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.