Sylhet Today 24 PRINT

দ্বিতীয় ডোজের গণটিকাদান শুরু, পাবে ৮০ লাখ মানুষ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফায় টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রথম ডোজের ক্ষেত্রে দুই দিনে এ লক্ষ্যমাত্রা পূরণ করলেও দ্বিতীয় ডোজে একই দিনে ৮০ লাখ লোককে টিকা দিতে চান তারা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।

তিনি জানান, তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। সব জেলায় টিকা পাঠানো হয়েছে। একদিনে ৮০ লাখ লোক টিকা পাবে বলে আশা করছেন তারা।

শামসুল হক বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রয়োজনে বিকেল ৩টার পরও এ ভ্যাক্সিনেশন কর্মসূচি চলমান থাকবে। সারাদেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।

গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার কথা ছিল। তবে একদিনে সেই লক্ষ্যমাত্রা পূর্ণ হয়নি। তাই ২৯ সেপ্টেম্বরসহ ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়।

এর আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকার ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে এ কার্যক্রম। তবে টিকা সংকটের কারণে সেই কার্যক্রম চালু রাখতে পারেনি সরকার। তখন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.