Sylhet Today 24 PRINT

বাংলাদেশে সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০২১

বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন।

শনিবার (৩০ অক্টোবর) রাতে দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এ সফর ১৫ ডিসেম্বর শুরু হয়ে তিনদিনের জন্য হতে পারে। ভারতের রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে তার প্রথম বাংলাদেশ সফর।

জানা গেছে, ভারতের রাষ্ট্রপতি এরই মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও ঢাকা সফরের বিষয়টি ঘোষণা করা হয়নি।

এবারের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী। একই সময়ে নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেরও পাঁচ দশক পূর্তি। ইতিহাসের এই সন্ধিক্ষণ উদযাপনের জন্য ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত। দিনটিকে স্মরণীয় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে ঘোষণা করেন। দিনটিতে ভারত আয়োজিত মৈত্রী দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানাকে অতিথি হিসেবে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিশ্বের ১৮টি দেশে, যেখানে ওই দুই দেশের মিশন আছে, সেখানে মৈত্রী দিবস উদযাপন করবে। যৌথ আয়োজনের মধ্য দিয়ে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক ও বন্ধন তুলে ধরা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.