Sylhet Today 24 PRINT

১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০২১

‘সব শিশু টিকা নেবে, স্বাস্থ্যঝুঁকি কমে যাবে’ প্রতিপাদ্যে শুরু হয়েছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম। সোমবার (১ নভেম্বর) সকালে এই কার্যক্রমে প্রথম শিশু হিসেবে টিকা নিয়েছেন রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তাহসান হোসেন।

তাহসানের পর ২য় এবং প্রথম মেয়ে শিশু হিসেবে কোভিডের টিকা গ্রহণ করেন একই শ্রেণির শিক্ষার্থী মাহজাবিন তমা। এ সময় তারা দু’জনেই ফাইজারের টিকা গ্রহণ করেন।

এদিন সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ঢাকা শহরে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধনী আয়োজনে তারা টিকা গ্রহণ করেন।

টিকা নেওয়ার পর তাহসান হোসেন বলেন, কোভিড-১৯ টিকা নিতে পেরে আমি আনন্দিত। এতদিন মনের ভেতর করোনা নিয়ে যে ভয়টা ছিল, তা আর এখন সেভাবে কাজ করছে না। নতুন উদ্যমে এখন থেকে স্কুলে আসতে পারবো। এটা আনন্দের।

মেহজাবিন তমা বলেন, প্রথমে একটু ভয় ভয় লাগছিল, তবে এখন আর ভয় লাগছে না। বরং আমি টিকা নিতে পেরে আনন্দিত। আর টিকার নিবন্ধনও ওয়েবসাইট থেকে খুব সহজেই করতে পেরেছি।

তাহসানের বাবা এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, করোনা মহামারিতে শিশুদের জন্য সরকার যে কার্যক্রম শুরু করেছে, তা সত্যিই সাধুবাদ পাওয়ার যোগ্য। এতে করে শিক্ষার্থীরা আরও সুরক্ষিত থাকবে।

এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও উপস্থিত ছিলেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এবং দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.