সিলেটটুডে ডেস্ক | ০১ নভেম্বর, ২০২১
চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিবের জ্ঞান ফিরেছে।
রোববার (৩১ অক্টোবর) রাতে আকিবের চিকিৎসার তত্ত্বাবধানে থাকা স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে চিকিৎসাধীন আকিবের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ছবিতে আকিবের মাথায় ব্যান্ডেজ দেখা যায় এবং ওই ব্যান্ডেজের ওপর লেখা ‘হাড় নেই, চাপ দেবেন না।’
ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, আকিবের মাথায় শক্ত কিছুর আঘাতে রক্ত জমাট বেঁধেছিল। অস্ত্রোপচার করে সেগুলো অপসারণ করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় তার জ্ঞান ফিরেছে। তবে এখনও তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার ও শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত আকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার (৩০ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. তৌফিকুর রহমান বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন।