সিলেটটুডে ডেস্ক | ০১ নভেম্বর, ২০২১
এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (১ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এমন বাস্তবতায় মন্ত্রী বলেন, ‘এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হবে। পরীক্ষা শুরুর আগে এ স্তরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শেষ করার চেষ্টা করা হবে।’
স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে রাজধানীতে ৮টি কেন্দ্র করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ৫ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।
এ বিষয়ে দীপু মনি বলেন, ‘শুরুতে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেব। পরীক্ষা শুরুর আগে তাদের টিকা দেয়ার চেষ্টা করা হবে। তার সঙ্গে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদেরও টিকা দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘যত তাড়াতাড়ি টিকা কার্যক্রম শেষ হবে, তত তাড়াতাড়ি স্কুলে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে।’