Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে শিশু ইমন হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৫

সিলেটে রাজন, খুলনায় রাকিবের পর নারায়ণগঞ্জে আরেক শিশু ইমন হত্যার বিচারও সম্পন্ন করে রায় দেয়া হল। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্কুলছাত্র রাকিবুল হাসান ইমন (১৩) হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছেন আদালত। একই সঙ্গে ৭ বছর করে কারাদণ্ডসহ আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মিয়াজী মোহাম্মদ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দরের কামতাল মালিভিটা গ্রামের সাইফুর রহমান ওরফে সাইফুল (২৩), তোফাজ্জল হোসেন (২২), জামাল হোসেন (২২) ও শাহজাহান ওরফে জীবন (২১)। এ মামলায় সাইদুর ও তোফাজ্জল পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জ আদালতের এপিপি এম এ রহিম জানান, নিহত ইমন বন্দরের কামতাল মালিভিটা এলাকার প্রবাসী নূরু মিয়ার ছেলে। সে সোনারগাঁওয়ের এইচজিজি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ২৯ জানুয়ারি ১০ লাখ টাকা মুক্তিপণ পেতে ইমনকে অপহরণ করা হয়। টাকা না পেয়ে ওই দিন রাতেই ইমনকে হত্যার পর বন্দর মদনপুর মালিবাগে একটি মুরগির খামারের গর্তে পুঁতে রাখা হয়।
 
এ ঘটনায় ইমনের মা ফেরদৌসি বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ৫ ফেব্রুয়ারি তাদের দেওয়া স্বীকারোক্তিতে ইমনের লাশ উদ্ধার করা হয়।
 
এর আগে এ মামলার অপর আসামি আল আমিনকে (১৮) গত ১৪ মে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। হত্যাকাণ্ডের পর গ্রেপ্তারের সময়ে আল আমিন নাবালক থাকায় জুবিনাইল আইনে এ বিচার কাজ সম্পন্ন করা হয়। তবে এখন সাবালক হওয়ায় তাকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.