Sylhet Today 24 PRINT

স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালামের জামিনের মেয়াদ বাড়লো

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০২১

রিজেন্ট কেলেঙ্কারিতে দুদকের দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত।

মঙ্গলবার (২ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আবুল কালাম আজাদ তার আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে থেকে তার বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত আগামী ২৩ জানুয়ারি ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৭ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন আবুল কালাম আজাদ। আজ সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আবারও জামিনের জন্য আবেদন করেন তিনি।

এর আগে গত ৫ অক্টোবর আত্মসমর্পণ করতে আদালতে এসেছিলেন আবুল কালাম আজাদ। কিন্তু বিচারক অন্য মামলায় ব্যস্ত থাকায় সেদিন শুনানি হয়নি।

লাইসেন্সের মেয়াদ না থাকার পরও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে ‘সরকারি অর্থ আত্মসাতের’অভিযোগে এ মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের আবুল কালাম আজাদসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী গত ৩০ সেপ্টেম্বর আদালতে এই অভিযোগপত্র জমা দেন।

বাকি চার আসামি হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা মো. দিদারুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.