সিলেটটুডে ডেস্ক | ০২ নভেম্বর, ২০২১
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাঁচি ব্রিজের পাশে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় ব্যাটারি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল পূর্ব পাড়া গ্রামের রুহুল আমিন ও তার স্ত্রী এবং সাইকচাইল চাইল্ড একাডেমির শিক্ষিকা সায়মা মুনতাহা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী বেপরোয়া গতির হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর তিন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ মাসুদুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।