Sylhet Today 24 PRINT

ঢাবির \'ক\' ইউনিটে ফেল ৮৯ শতাংশ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বুধবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

এ বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন ১ লক্ষ ১৭ হাজার ৯৫৭ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৯৪ হাজার ৫০৫ জন। পাস করেছেন মাত্র ১০ হাজার ১৬৫ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৭৬ শতাংশ। বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। এই ইউনিটে গতবার পাসের হার ছিল ১৩.০৫ শতাংশ।

গত ১ অক্টোবর ‘ক’ ইউনিটের পরীক্ষা হয়েছিল। এর এক মাস পর বুধবার দুপুরে ফল প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবার দ্বিতীয়বারের মতো নৈর্ব্যক্তিকের পাশাপাশি লিখিত অংশও ছিল।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ‌‘ক’ ইউনিট পরীক্ষার প্রধান সমন্বয়ক এবং জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিহির লাল সাহা, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষায় লিখিত ও নৈর্ব্যক্তিক অংশে সমন্বিতভাবে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী। পরীক্ষার ফল জানা যাবে ওয়েবসাইটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.