সিলেটটুডে ডেস্ক | ০৩ নভেম্বর, ২০২১
পণ্য রপ্তানিতে নতুন রেকর্ড দেখলো বাংলাদেশ। গত অক্টোবরে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে ৬০ শতাংশের বেশি। মোট ৪৭৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে বিভিন্ন দেশে। দেশের রপ্তানি ইতিহাসে কোনো একক মাসে এত বেশি পরিমাণে রপ্তানি এর আগে কখনও হয়নি, হয়নি এত বেশি প্রবৃদ্ধিও।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদন থেকে রপ্তানি আয়ের এই তথ্য জানা গেছে। উদ্যোক্তাদের আশা, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। তাদের যুক্তি হচ্ছে, তুলার দরের অস্থিরতা বাদ দিলে হাতে পর্যাপ্ত রপ্তানি আদেশ রয়েছে। তুলার দরের অস্থিরতায় কোনো কোনো ক্ষেত্রে ক্রেতাদের সাথে দরকষাকষিতে কিছুটা সমস্যা হচ্ছে।
পোশাকের কাঁচামাল ও রাসায়নিকেরও দর বেড়েছে। প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে সার্বিক রপ্তানি বেড়েছে প্রায় ২৩ শতাংশ। চার মাসে এক হাজার ৫৭৫ কোটি ডলারের রপ্তানি হয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯১ কোটি ডলার বেশি।