Sylhet Today 24 PRINT

ধর্ষণ মামলায় মামুনুলের বিচার শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০২১

রিসোর্টে নিয়ে আটকে রেখে ধর্ষণের মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ এবং  নারী ও শিশ নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত বিচারক আনিসুর রহমানের আদালতে বুধবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে অভিযোগ গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন।  তিনি বলেন, ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন জান্নাত আরা ঝর্ণা।  ওই মামলায় গ্রেপ্তারকৃত মামুনুল হককে আজ আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আবেদন করা হয়।  শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার বাদি ঝর্ণা বেগম আদালতে হাজির ছিলেন না।  এর আগে সকাল ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে হয় মামুনুল হককে।

গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল হক। সে সময় তিনি বিব্রতকর অবস্থায় পড়লে হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা রিসোর্ট ভাঙচুর করে তাকে উদ্ধার করে।  ওইদিন ঝর্ণাকে মামুনুল দ্বিতীয় স্ত্রী দাবি করেন। পরে ১৮ এপ্রিল গ্রেপ্তার হন মামুনুল হক। ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ঝর্ণা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.