Sylhet Today 24 PRINT

পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলাকারী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০২১

পুরান পল্টন মোড়ে পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলার ঘটনায় জামিনে থাকা এক নব্য জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর দারুসসালাম থানার মিরপুর মাজার রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নব্য জেএমবির সামরিক শাখার কমান্ডার আব্দুল্লাহ আল নোমান ওরফে আবু বাছিরকে (২২)।

সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, ২০১৭ সালে ফেসবুকের মাধ্যমে আমন্ত্রণ পেয়ে বাছির নব্য জেএমবিতে যোগ দেয়। ২০১৮ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর ১ বছর ৩ মাস পর জামিনে মুক্ত হয়ে সে আবার নব্য জেএমবিতে সক্রিয় হয়।

তিনি আরও জানান, ২০২০ সালের ২৪ জুলাই রাত সাড়ে ৯টার দিকে নিজের তৈরি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) পল্টন মোড়ের পূর্ব পাশের পুলিশ চেকপোস্টের সামনে বিস্ফোরণ ঘটিয়েছিলেন বাছির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তা স্বীকার করেছেন।

এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.