Sylhet Today 24 PRINT

নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলের গাছে ধাক্কা, প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০২১

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে ঘাটাইল-সাগরদীঘি রাস্তায় ধলাপাড়া ভূঁইয়া বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার।

নিহতরা হলো, ধলাপাড়া যাইপাটা গ্রামে মো. সমীর উদ্দিনের ছেলে মো. শরীফ হোসেন (১৫), মো. সাজ্জাদ হোসেনের ছেলে মো. আবু বকর (১৫) ও মো. রমজান আলীর ছেলে মো. সাঈম হেসেন (১৫)। নিহতরা সবাই উপজেলার ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ জানায়, ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালের পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান হচ্ছিল। ওই তিন শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত না হয়ে তারা একটি মোটরসাইকেল নিয়ে ধলাপাড়া-সাগরদীঘি রাস্তায় বেড়াতে বের হয়। দ্রুতগতিতে চালাতে গিয়ে ভুইয়াবাড়ি মোড়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে ওই তিন ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়।

এসইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক বলেন, ‘এই ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে যাই এবং পরিবারকে সান্ত্বনা দেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.