Sylhet Today 24 PRINT

সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০২১

বিশেষ পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৫-১৬ সেশনের  শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে সেখানে অবস্থান করছেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি না মানা পর্যন্ত তারা রাস্তায় থাকবেন।

আন্দোলনের মুখপাত্র ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আল আমিন বলেন,  ‘২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের পরীক্ষায় এক-দুটি বিষয়ে গণহারে ফেল দেওয়া হয়েছে। আমরা বারবার দাবি জানিয়ে আসছি, আমাদের পুনরায় বিশেষ পরীক্ষা নেওয়া হোক। সমন্বয়ক স্যার আমাদের আশ্বাস দিলেও, সে আশা পূরণে কালক্ষেপণ করে যাচ্ছেন। আমাদের দাবি, বিশেষ পরীক্ষা নিয়ে আমাদের সুষ্ঠুভাবে বাঁচার সুযোগ করে দিক। সেই পরীক্ষা অবশ্যই আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে হতে হবে।’

শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখাকালে অবরোধ কর্মসূচি চলছে।

প্রসঙ্গত, প্রচলিত শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ও পুরোনো সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। অধিভুক্তির পর থেকে এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি, প্রশ্ন প্রণয়ন, পরীক্ষা গ্রহণ ফলাফল প্রকাশ, চূড়ান্ত সার্টিফিকেট দেওয়াসহ শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেখভাল করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.