Sylhet Today 24 PRINT

তিন মাস বন্ধ থাকবে শাহজালালের রাতের ফ্লাইট

সিলেটটুডে ডেস্ক: |  ১০ নভেম্বর, ২০২১

ফাইল ছবি

সংস্কারের জন্য চলতি বছরের ৯ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত তিন মাস রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এই তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। সেই নির্মাণকাজ চলবে রাতে। এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, সংস্কারের সময়টাতেই বন্ধ থাকবে ফ্লাইট।

তবে এতে বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ সময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে বলেও জানায় বেবিচক।

এমনিতেই ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শীতকালীন ফ্লাইট-সূচি শুরু হয়েছে। পরিবর্তন করা হয়েছে মধ্যরাতের পরের ফ্লাইটগুলোর সময়।

প্রতিবছরই নভেম্বর থেকে শীতকালীন ফ্লাইট-সূচি অনুসরণ করা হয়। রাত ২টা থেকে সকাল ৮টা-৯টা পর্যন্ত কুয়াশা বেশি পড়ে বলে এ সময়ে রানওয়ে ‘ভিজিবিলিটি’ কম থাকে। এতে অবতরণ করতে সমস্যায় পড়ে প্লেনগুলো। এ কারণে অনেক সময় ফ্লাইট পাঠাতে হয় পাশের বিমানবন্দরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.