Sylhet Today 24 PRINT

নির্বাচনী সহিংসতা: কক্সবাজারে সদস্য প্রার্থীর ভাই নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০২১

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপি নির্বাচনের ভোট চলাকালীন সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আক্তারুজ্জামান পুতু (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৬ জন আহত হয়। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায় ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত আক্তারুজ্জামান খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই। কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ কয়েকজন আহত হন। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে আহত আক্তারুজ্জামান পুতুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী ওমর ফারুক জানান, ভোট চলাকালীন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুলের সমর্থকরা ব্যালট পেপার আলাদা করে সিল মারার চেষ্টা করলে অপর মেম্বার প্রার্থী শেখ কামালের ভাই আক্তারুজ্জামান বাধা দেয়। একপর্যায়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এ সময় গুলিবিদ্ধ হন আক্তারুজ্জামান। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.