Sylhet Today 24 PRINT

নব নির্বাচিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০২১

গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে গোবিন্দপুর মসজিদ সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আব্দুর রউফ ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে এবং স্থানীয় স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। তিনি এর আগেও ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

আব্দুর রউফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।

পরিবারের দাবি, রউফ বাড়ি ফেরার পথে নির্মাণাধীন একটি ব্রিজের কাছে মাগুরের কুটি গ্রামের হায়দার আলীর ছেলে আরিফ রড দিয়ে তার মাথায় আঘাত করে। উদ্ধার করে তাকে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে কী কারণে আরিফ তার মাথায় রড দিয়ে আঘাত করেছে তা জানাতে পারেনি স্বজনরা।

সদর উপজেলার ১২টি ইউনিয়নের সঙ্গে লক্ষ্মীপুর ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়। আব্দুর রউফ ১ নং ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে তিনি ৭৮৪ ভোট পেয়ে জয়ী হন। এর পরদিন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রউফের ওপর হামলা চালানো হয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় উত্তেজিত লোকজন আরিফের বাসায় অগ্নিসংযোগ করেছে বলে জানান স্থানীয় কয়েকজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.