বিনোদন ডেস্ক | ১৩ নভেম্বর, ২০২১
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মানেই বিতর্ক। বিতর্কের জের ধরে সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। বিতর্কের কারণ, তার একটি বক্তব্য।
সম্প্রতি কঙ্গনা রানাওয়াত বলেছেন, ‘ভিক্ষা করে পাওয়া স্বাধীনতা কী করে আসল স্বাধীনতা হতে পারে? ১৯৪৭ সালে যে স্বাধীনতা পাওয়া গিয়েছিল, তা ছিল ভিক্ষা। ভারত আসল স্বাধীনতা পেয়েছে ২০১৪ সালে।’সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ভারতের স্বাধীনতা সম্পর্কে বিতর্কিত এ মন্তব্য করেছেন অভিনেত্রী।
তার সেই বক্তব্য রাতারাতি ভাইরাল হয়ে যায়। যা নিয়ে ভারতজুড়ে চলছে হইচই। সাধারণ মানুষদের পাশাপাশি অনেক রাজনীতিবিদও কঙ্গনার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আম আদমি পার্টির এক নেতা এরই মধ্যে স্বাধীনতা নিয়ে অপমানসূচক বক্তব্যের জন্য কঙ্গনার নামে মামলাও করেছেন। এবার কঙ্গনার পদ্মশ্রী সম্মাননা প্রত্যাহারের দাবি উঠেছে।
এই দাবি করেছে কংগ্রেস, শিবসেনা, এনসিপি ও আম আদমি পার্টিসহ রাজনৈতিক কিছু দল। কঙ্গনার বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধীও। ভারতের সংবাদমাধ্যম বোম্বে টাইমস তাদের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।