Sylhet Today 24 PRINT

গুজব থেকে সতর্ক থাকার পরামর্শ শিক্ষামন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০২১

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে গুজব থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, প্রশ্নফাঁস ও করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়ে গুজব উড়ছে চারপাশে, এসব গুজবে কান দেওয়া যাবে না। সবাইকে সতর্ক থাকতে হবে।

রোববার (১৪ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি চক্র গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর আছি। কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে করোনার ভ্যাকসিন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সব শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছি। পরীক্ষার মধ্যেও ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে।

জেএসসি পরীক্ষা প্রসঙ্গে দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রম চালু হলে জেএসসি পরীক্ষা থাকবে না। ভিন্ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

এর আগে সারাদেশে একযোগ শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষার মধ্যদিয়ে ২১ মাস পর দেশে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়ে থাকলেও বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার যথাসময়ে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। বর্তমানে আক্রান্তের হার সহনীয় মাত্রায় উন্নীত হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার দেড় ঘণ্টা করে বিশেষ তিনটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হচ্ছে। এ বিষয় গুলোর ফলাফলের উপর মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে।

চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ২৯ হাজার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। সারাদেশে ৯টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। অন্যদিকে, ৭১০টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩ লাখ এক হাজার ৮৮৭ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। ৭৬০টি পরীক্ষা কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা দিচ্ছে এক লাখ ২৪ হাজার ২২৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.