Sylhet Today 24 PRINT

বোনকে হত্যায় ভাইয়ের ফাঁসির রায়

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০২১

নড়াইলে ছোট বোনকে হত্যার দায়ে মো. রিপন মোল্লা নামের এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ ) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

রিপনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি রিপনকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে জানান  এ আদালতের পিপি এমদাদুল ইসলাম।

আসামি রিপন মোল্লা নড়াগাতী থানাধীন কালীনগর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে বাড়ির পাশের নলীয়া নদীর পাড়ে কাপড় পরিষ্কার করছিলেন ফাতেমা। এ সময় তাঁর বড় ভাই রিপন মোল্লা পেছন থেকে ধাক্কা দিয়ে নদীর পানিতে চুবিয়ে এবং বাঁশের লাঠি দিয়ে মাথায় ও শরীরে কয়েকটি আঘাত করে ফাতেমাকে হত্যা করেন। পরে মরদেহ পানির নিচে কাদায় পুঁতে রাখেন। ওই সময় রিপন মোল্লার ছেলে ঘটনাটি দেখে ফেলে। এরপর অনেক খোঁজাখুঁজি করেও ফাতেমাকে পাওয়া যাচ্ছিল না। পরে আসামির ছেলের দেওয়া তথ্য অনুযায়ী ফাতেমার মরদেহ উদ্ধার করা হয় এবং আটক করা হয় রিপন মোল্লাকে।

প্রায় তিন বছর পর আজ সোমবার রিপন মোল্লাকে ফাঁসি এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এ ছাড়া জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং বিধি অনুযায়ী ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.