Sylhet Today 24 PRINT

সীমান্ত সুরক্ষায় বিএসএফকে গুলি চালাতে বাধ্য হতে হয়: দোরাইস্বামী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০২১

ভারত কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি হোক। এ জন্য বিএসএফকে নির্দেশনাও দেওয়া আছে। বিএসএফ কখনও কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না। কিন্তু সীমান্ত সুরক্ষায় কখনও কখনও নিজের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে গুলি চালাতে বাধ্য হতে হয় বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সোমবার (১৫ নভেম্বর) সকালে দিনাজপুর শহরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে ভারতের দেওয়া এক কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন করেন।

ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, আমরা চাই সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ করবে এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রাণহানি শূন্যে নেমে আসবে।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, মন্দির কমিটির সদস্য চিত্ত ঘোষ, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী লোকনাথ মন্দির কমিটির সভাপতি সমর কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করেন সুব্রত মজুমদার ডলার। একই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.