Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে হোটেলের ২০ তলা থেকে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০২১

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’র ২০ তলার একটি রেস্টুরেন্ট থেকে নিচে ঝাঁপ দিয়ে আরিফ কবির (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই যুবক আত্মহত্যা করেন। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাথমিক অনুসন্ধানের তথ্যে পুলিশ জানায়, আরিফ রাতে রেডিসনের মেজ্জুদা রেস্টুরেন্টে ডিনার করছিলেন। অর্ধেক খাবার খেয়েই তিনি রেস্টুরেন্ট সংলগ্ন ওপেন স্পেস দিয়ে নিচে লাফিয়ে পড়েন। পরে রেস্টুরেন্টের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত আরিফের বাড়ি ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডে। তিনি এনামুল কবিরের ছেলে।

রেডিসন ব্লুর সহকারী ব্যবস্থাপক (পিআর) রাহফাত সালমান জানান, এক যুবক লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি এখনো তদন্তাধীন। রেডিসনের পক্ষ থেকে লিখিত বিবৃতির মাধ্যমে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.