Sylhet Today 24 PRINT

রংপুরের শিঙাড়া আর তেঁতুলের চাটনিতে মুগ্ধ দোরাইস্বামী

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০২১

রংপুরের ঐতিহ্যবাহী শিঙাড়া হাউসের শিঙাড়া আর তেঁতুলের চাটনি খেয়ে মুগ্ধ হলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

সোমবার (১৫ নভেম্বর) রাতে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ের শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ির পাশে শিঙাড়া হাউসের ঐতিহ্যবাহী দোকানটিতে বসে তাকে চাটনি দিয়ে শিঙাড়া খেতে দেখা যায়।

বিক্রম দোরাইস্বামী সাংবাদিকদের বলেন, ‘ছোট্ট ছোট্ট শিঙাড়ার সঙ্গে যে চাটনি দেওয়া হয়, তা খুবই সুস্বাদু। আমার খুব ভালোই লেগেছে। অনেক নাম শুনেছি এই শিঙাড়া হাউসের। আজ সশরীর এসে দেখলাম। ছোট্ট দোকান হলেও শিঙাড়া মান ও গুণে বেশ ভালো। শিঙাড়া খেতেই এখানে এসেছি।

শিঙাড়া হাউসের স্বত্বাধিকারী ভবতোষ সরকার জানান, ৬০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শিঙাড়া হাউস এখনও আগের মতোই আছে। দোকানের কোনও চাকচিক্য নেই। একসময় ২৫ পয়সায় চারটি শিঙাড়া পাওয়া যেতো। এখন প্রতিটি শিঙাড়া তিন টাকায় বিক্রি হয়। সঙ্গে এক টাকার চাটনি। আগে অবশ্য চাটনি বিনামূল্যেই দেওয়া হতো। এখন বিক্রি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.