Sylhet Today 24 PRINT

চোরাচালানের কারণেই সীমান্তে হত্যার ঘটনা ঘটছে: দোরাইস্বামী

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০২১

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, সীমান্তে চোরাচালান বন্ধ করতে হবে। কারণ, এই চোরাচালানের কারণেই সীমান্তে হত্যার ঘটনা ঘটছে। এছাড়া সীমান্তে শুধু বাংলাদেশি নয়, ভারতের নাগরিকরাও নিহত হচ্ছে বলে মন্তব্য করেছেন দোরাইস্বামী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুর সিটি করপোরেশনকে লাইফ সাপোর্ট সংবলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, ‘সীমান্তে হত্যা কীভাবে শূন্যে আনা যায় এ বিষয়ে বাংলাদেশ-ভারত কাজ করছে। বিএসএফ-বিজিবি সীমান্ত রক্ষায় সচেষ্ট রয়েছে। চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধে সীমান্ত সেনারা কাজ করে যাচ্ছে। চোরাচালান বন্ধে দুই দেশকেই কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন। ভারতীয় সেনাদের বিনা কারণে হত্যা না করতে নির্দেশনা দেওয়া রয়েছে।’

বিক্রম দোরাইস্বামী বলেন, ‘মাদক চোরাচালান দুই দেশের সমস্যা। বিশেষ করে ইয়াবা ও আইসের মতো ভয়ানক মাদক চোলাচালান বন্ধে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এটা যেকোনও মূল্যে বন্ধ করতে হবে। বিজিবি-বিএসএফকে যৌথভাবে মাদক চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হয়েছি। আশা করা হচ্ছে, আমরা ভালো ফল পাবো।’

তিস্তা নদীর বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ভারত সরকার খুবই আন্তরিক। এ সমস্যা সমাধানে আমরা কাজ করছি।’

রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। পরে বিক্রম দোরাইস্বামী রংপুর সিটি করপোরেশনের মেয়রের কাছে আনুষ্ঠানিকভাবে লাইফ সাপোর্ট সংবলিত অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

এর আগে, ভারতীয় হাই কমিশনার করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও রংপুর চেম্বার আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.