Sylhet Today 24 PRINT

একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০২১

টাঙ্গাইলের মির্জাপুর আসনে আওয়ামী লীগের এমপি মো. একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব উঠেছে। বুধবার (১৭ নভেম্বর) সংসদের বৈঠকের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উত্থাপন করেন।

মঙ্গলবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিৎিসাধীন মারা যান চারবারের সংসদ সদস্য একাব্বর হোসেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ১৬ অক্টোবর তিনি স্ট্রোক করেন। তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

১৯৫৬ সালের ১২ জুলাই মির্জাপুর উপজেলার পোষ্টাকামুরী গ্রামে তিনি জন্ম নেন। তার বাবার নাম ওয়াজউদ্দিন ও মা রোজিনা বেগম। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) এবং ১৯৭৮ সালে এমএসএস ডিগ্রি অর্জন করেন।

তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৭৩ সালে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭৮ সালে একই হল শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৯০ সালে তিনি মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি নির্বাচিত হন।

এর পর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.