Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে: জাহাঙ্গীর

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০২১

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, 'প্রধানমন্ত্রীকে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। দলের এই সিদ্ধান্ত আমার জন্য খুবই বেদনাদায়ক। আমাকে বহিষ্কার করে মানসিকভাবে আঘাত দেওয়া হয়েছে, যা আমি ও আমার পরিবার মেনে নিতে পারছি না। আমার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। দলের কাছে আমি আপিল করবো।'

শনিবার (২০ নভেম্বর) দুপুরে গাজীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবা‌বে তিনি এসব কথা বলেন।

এ সময় অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, 'আমি পদ চাই না। আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকতে চাই। মানুষ মাত্র ভুল করে, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। আমারও ভুল হতে পারে। আমাকে ক্ষমা করে দিয়ে বহিষ্কারের বিষয়টি পুনর্বিবেচনা করার এবং আওয়ামী লীগের একজন সাধারণ সমর্থক হয়ে দলের পাশে থাকার সুযোগ চাই।

মেয়র জাহাঙ্গীর বলেন, 'আমি পারিবারিক শিক্ষা থেকে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের শিক্ষা পেয়ে আসছি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি।'

তিনি বলেন, 'আমি জনগণের জন্য রাস্তা তৈরি করতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জমি চেয়েছি। তারা ভালোবেসে ৮০০ একর জমি দিয়েছেন।'

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয় মেয়র জাহাঙ্গীর আলমকে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি কটূক্তির অভিযোগে আওয়ামী লীগ থেকে কারণ দর্শানোর নোটিশ পাওয়া এ নেতাকে দলের পদ থেকে বহিষ্কারের পাশাপাশি তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়। একইসঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়।

গণভবনে শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে জাহাঙ্গীর আলমকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেতারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.