Sylhet Today 24 PRINT

বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় ছাত্রীকে ধর্ষণের হুমকি, প্রতিবাদে অবরোধ

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০২১

বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকির প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর বকশি বাজার সড়ক অবরোধ করে আন্দোলন করছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের ছাত্র-ছাত্রীরা। রোববার (২১ নভেম্বর) সকাল থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এর আগে গতকাল শনিবার সামাজিক যোগা‌যোগ মাধ্যমে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করে জানান, হাফ ভাড়া দেয়ায় বাসের চালক ও হেলপার তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন।

এ প্রতিবেদন লেখার সময় বকশীবাজার মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চলছিল। অবরোধের কারণে চানখাঁরপুল থেকে বকশীবাজার এবং বকশীবাজার, ঢাকা শিক্ষা বোর্ড ও বুয়েট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ আছে। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিচ্ছেন। তাদের হাতে ‘হাফ পাস আমাদের অধিকার’, ‘এই হলো দেশের কঠোর বাস্তবতা, নিজের অধিকার চাইতে মেলে ধর্ষণের বার্তা’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড রয়েছে।

অভিযোগকারী ওই ছাত্রী জানান, তিনি ক‌লে‌জে যাওয়ার উদ্দেশ্যে শ‌নিরআখড়া থে‌কে ঠিকানা পরিবহনের বা‌সে ওঠেন। সেখান থে‌কে কলেজের ভাড়া ১০টাকা। কিন্তু তার কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনি নিজেকে স্টুডেন্ট বলে ১০ টাকা ফেরত চাইলে হেলপার তার সাথে খারাপ ভাষায় কথা বলেন এবং নামা‌র সম‌য়ে তাকে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের হুমকি দেন। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বাসটির নম্বর মনে রাখ‌তে পারিনি ওই ছাত্রী। পরদিনেও তাদের এমন ভোগা‌ন্তি‌তে পড়তে হয় এবং বাসগু‌লো তাদের তুল‌তে চায় না।

এদিকে  আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘটনার বিচার চান। পাশাপাশি গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস ভাড়া নির্ধারণের জন্য তারা সরকারের কাছে দাবি জানান। দাবির বিষয়ে দায়িত্বশীল পর্যায় থেকে কোনো বক্তব্য না আসা পর্যন্ত তাঁরা রাস্তা ছাড়বেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.