Sylhet Today 24 PRINT

শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসের ভাড়া অর্ধেক হচ্ছে: কাদের

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০২১

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিআরটিসি বাসের ভাড়া শতকরা ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার তিনি তার সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, 'শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনঘনিষ্ঠ এবং যৌক্তিক কোনো দাবিতে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন।'

আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যু করা ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে।'

তিনি বলেন, 'সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ সুবিধা পাবে।'

তবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিনে এ সুবিধা প্রযোজ্য হবে না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'শিগগিরই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।'

ওবায়দুল কাদের বলেন, 'বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের কনসেশন দেওয়ার বিষয়টি আলোচনার জন্য আগামীকাল বিআরটিএ'তে পরিবহন মালিক এবং শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।'

সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহন মালিকরা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.