Sylhet Today 24 PRINT

এবার বিশ্বের শীর্ষ শত চিন্তাবিদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৫

এবার বিশ্বের শীর্ষ  ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তালিকার ‘ডিসিশন মেকারস’ ক্যাটাগরিতে শেখ হাসিনাসহ বিশ্বের ১৩ চিন্তাবিদের নাম রয়েছে।
বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি বিষয়ক ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন ‘ফরেন পলিসি’ এ তালিকা প্রকাশ করেছে।

বুধবার (০২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিবছর বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকা প্রকাশ করে বেশ মর্যাদাপূর্ণ ম্যাগাজিন ‘ফরেন পলিসি’।

জলবায়ু পরিবর্তনের ইস্যু মোকাবেলায় তার অসামান্য অবদানের জন্য ‘নেতৃস্থানীয় আন্তর্জাতিক চিন্তাবিদ’ হিসেবে শেখ হাসিনাকে এ উপাধি দেয় ‘ফরেন পলিসি’।

এ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গারিবের  নাম রয়েছে।

প্রতি বছর বার্ষিক সংখ্যায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ ১০০ চিন্তাবিদদের নাম প্রকাশ করে ‘ফরেন পলিসি’। ২০০৯ সাল থেকে এ ধরনের তালিকা প্রকাশ করে আসছে ম্যাগাজিনটি।

বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক, আইনজীবী, উদ্ভাবক, শিল্পী, সরকারি কর্মকর্তা এবং বুদ্ধিজীবীদের সৃষ্টিশীল কর্মকাণ্ড ও চিন্তার বিবেচনায় নিয়ে ১০০ জনের তালিকা প্রকাশ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.