Sylhet Today 24 PRINT

হাই কোর্টে এমপি হারুনের ৫ বছরের সাজা বহাল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০২১

শুল্ক ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ৫ বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের আপিল খারিজ করেছেন হাই কোর্ট। এতে তার সাজা বহাল থাকলো।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিমের ভার্চুয়াল একক হাই কোর্ট বেঞ্চে আবেদনটি খারিজ করেন।

২০১৯ সালের ২১ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলায় তাকে ৫ বছরের দণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ মামলায় চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও একলক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মামলার অপর আসামি ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ৪০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরে আসামিদের আপিল শুনানির জন্য গ্রহণ করে অর্থ দণ্ড স্থগিত করেন। পাশাপাশি তাদের জামিন দেন উচ্চ আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.