Sylhet Today 24 PRINT

র‌্যাকের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সৌরভ

সিলেটটুডে ডেস্ক: |  ১০ ডিসেম্বর, ২০২১

র‌্যাকের নতুন সভাপতি মহিউদ্দিন আহমেদ (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক তাওহীদ সৌরভ

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি পদে সাউথ এশিয়ান টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তাওহীদ সৌরভ নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার রাজধানীর বাগিচা রেস্তোরাঁয় র‌্যাকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। একই সময়ে ২০২২ সালের ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদের প্রার্থীদের নির্বাচিত করা হয়।

মহিউদ্দিন আহমেদ টানা দ্বিতীয়বারের মত সভাপতি নির্বাচিত হলেন। তাওহীদ সৌরভ সাধারণ সম্পাদক পদে আহম্মদ ফয়েজের স্থলাভিষিক্ত হলেন।

র‌্যাকের নির্বাচন সংক্রান্ত প্রধান নির্বাচন কমিশনার জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য— ঢাকা সাংবাদিক ইউনিয়নের একটি অংশের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও অন্য আরেটি অংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সভাপতি মিজান মালিক ও অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের অন্যান্য পদে ডেইলি নিউ এজের জ্যেষ্ঠ প্রতিবেদক আহম্মদ ফয়েজ ও অনলাইন নিউজপোর্টাল নিউজবাংলা ডট কমের বিশেষ প্রতিনিধি রহমান মাসুদ সহ সভাপতি, একাত্তর টিভির জেমসন মাহবুব ও এশিয়ান টিভির সাফি উদ্দিন আহেমদ যুগ্ম সাধারণ সম্পাদক, যমুনা টিভির রাব্বী সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক, মাইটিভির মাহবুব সৈকত কোষাধ্যক্ষ, বৈশাখী টিভির তাসলিমুল আলম তৌহিদ দপ্তর সম্পাদক, বণিক বার্তার জেসমিন মলি প্রচার ও প্রকাশনা সম্পাদক, চ্যানেল টোয়েন্টিফোরের সফিকুল ইসলাম সবুজ প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, আরটিভির আতিকা রহমান আন্তর্জাতিক সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের আলী তালুকদার সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- আলাউদ্দিন আরিফ, আবুল কাশেম, আদিত্য আরাফাত, মোরশেদ নোমান, সাঈদ খান, শেখ মোহাম্মদ জামাল হোসেন ও শফিক শাহিন।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজের পরিচালনায় সংগঠনের ২০২১ সালের এজিএম অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.