Sylhet Today 24 PRINT

এবার সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে রাজশাহীতে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০২১

নানা বেফাঁস মন্তব্য এবং বিতর্কিত কর্মকাণ্ডে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বিএনপিপন্থী একজন আইনজীবী।

রোববার (১২ ডিসেম্বর) সকালে বগুড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এবং বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম সাইফুল ইসলাম মামলাটি করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মামলাটি করা হয়েছে। এই মামলায় দুজনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। অপরজন হলেন উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ। এই মামলায় সাক্ষী হয়েছেন পাঁচজন।

মামলা এজহার সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর ফেসবুক লাইভে ‍মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার গ্রহণ করেন হেলাল নাহিদ। পরবর্তী সময়ে ওই ভিডিও সাক্ষাৎকারটি সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান তার নিজের ভ্যারিভাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ভিডিও সাক্ষাৎকারে তিনি (মুরাদ হাসান) জিয়া পরিবারের ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অশালীন, নারী বিদ্বেষী, কুৎসিত বর্ণবাদী ও যেকোনো নারীর প্রতি মর্যাদাহানিকর মন্তব্য করেন। এই অবমাননাকর বক্তব্যের জন্য প্রতিমন্ত্রীর ভিডিওটি মুহূর্তেই ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এতে ব্যারিস্টার জাইমা রহমানের মতো বংশীয় পরিবারের নারীর মর্যাদা হানি হয়েছে।

মামলা প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমত আরা বলেন, বাদী বিএনপিপন্থী রাজনীতি করেন। তাই তিনি স্বপ্রণোদিত হয়ে তারেক রহমানের কন্যা জাইমা রহমানের হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। এখন বিচারক মামলা আলামত ও অন্যান্য প্রমাণাদি বিচার-বিশ্লেষণপূর্বক গ্রহণও করতে পারেন, আবার মামলাটি বাদও দিয়ে দিতে পারেন। আপাতত মামলা হয়েছে, তাই এই মামলার শুনানি না হলে কিছুই বলা যাচ্ছে না।

এর আগে সকালে ঢাকার ও সিলেটের আদালতেও মুরাদ হাসানসহ এই দুজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। দেশের অন্যান্য বিভাগেও আজ মামলা হওয়ার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.