Sylhet Today 24 PRINT

অর্থ আত্মসাত: এবার আগাম জামিনের আবেদন শবনম ফারিয়ার

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০২১

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তার পথেই হেঁটেছেন আরেক অভিনেত্রী শবনম ফারিয়া। রোববার (১২ ডিসেম্বর) ফারিয়ার পক্ষে অ্যাডভোকেট জেসমিন সুলতানা জামিন আবেদন দায়ের করেন।

জানা গেছে, দুপুরের পর বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক এ মামলা করেন। তিনি জানান, ইভ্যালির চিফ গুডনেস অফিসার- সঙ্গীত শিল্পী তাহসান, প্রধান বিপণন কর্মকর্তা-সোশ্যাল মিডিয়া তারকা আরিফ আর হোসাইন, প্রধান জনসংযোগ কর্মকর্তা অভিনেত্রী শবনম ফারিয়া ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে দেখে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা পান তিনি। অর্ডার দেন ৩ লাখ ১৮ হাজার টাকার বাইকের। তবে অনেক চেষ্টা করে সাত মাসেও পণ্য পাননি। তাই বাধ্য হয়ে মামলা করেছেন।

এ মামলার এক নম্বর আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও দুই নম্বর আসামি করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে। প্রতারণা ও অর্থ-আত্মসাতের মামলায় দুজনেই কারাগারে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.