Sylhet Today 24 PRINT

রাজশাহীতে ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২১

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলাটি খারিজের আদেশ দেন।

এর আগে রোববার বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদী হয়ে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। এ মামলায় ভার্চুয়াল টকশো’র উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালকেও বিবাদী করা হয়।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ইসমত আরা জানান, মামলাটি খারিজ করে দেয়ার ক্ষেত্রে তিনটি পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন, তিনি যে ভিডিও ক্লিপ দাখিল করেছেন সেটি দেখেছেন। দেখার পরে তিনটি পর্যবেক্ষণে আবেদনটি খারিজ করে দিয়েছেন।

প্রথমত, যিনি সংক্ষুব্ধ ব্যক্তি বা যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি আসেননি, দ্বিতীয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে আবেদনে বলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি থানায় যাননি, উনি থানায় মামলা করতে যাননি। আইনশৃঙ্খলার যদি অবনতি হয় তবে থানায় মামলা করবেন। তৃতীয়ত একই ঘটনা নিয়ে সারা দেশে একই মামলা হতে পারে না। অতএব আদালত মনে করেছেন ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি গ্রহণযোগ্য নয়।

এর আগে রোববার মামলার বাদী সাইফুল ইসলাম রাজশাহীর আইনজীবীদের সঙ্গে নিয়ে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন জমা দেন সাইবার ট্রাইব্যুনালে।

সাইফুল ইসলাম জানান, শেখ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে ডা. মুরাদ হাসান বিএনপির এক শীর্ষ নেতার মেয়ে সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন। তাই সংক্ষুব্ধ হয়ে তিনি মামলার আবেদন করেন।

এদিকে ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় নানা সমালোচনার মুখে পদত্যাগে বাধ্য হন ডা. মুরাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.