Sylhet Today 24 PRINT

নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ আসামির সবার সাজা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ আসামির সকলের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামুনুর রশীদ লাভলু নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে এ মামলায় মোট ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর শুনানি শেষে  ১৩ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্তদের মধ্যে ৯ আসামি আদালতে উপস্থিত ছিল। অপর চারজন পলাতক রয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ করেন দেলোয়ার বাহিনীর সদস্যরা।

৪ অক্টোবর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়ানো ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ধর্ষণ, নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে তিনটি মামলা করেন নির্যাতিত নারী।

তিনটি মামলার মধ্যে ৪ অক্টোবর ধর্ষণের মামলায় দেলোয়ার ও আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। আর বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আজ আজ রায় ঘোষণা করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.