Sylhet Today 24 PRINT

ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার হাসপাতালে

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সঙ্গে ভর্তি করা হয়েছে করোনায় আক্রান্ত টিম ম্যানেজমেন্টের এক সদস্যকেও। তবে ওই সদস্য ওমিক্রনে আক্রান্ত নন।  

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনজনকে আজ (মঙ্গলবার) মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আরেকজন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তারা হাসপাতালে ভর্তি হয়েছেন তার মানে এই নয় যে, তাদের অবস্থা খুব খারাপ।

তিনি বলেন, তিনজনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধু অবজারভেশনে (নজরে) রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। কারণ বাসায় বা হোটেলে পর্যাপ্ত নজরদারি হবে না।

বিশ্বকাপ বাছাইপর্ব খেলে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটারের করোনা পজিটিভ হয় গত ৫ ডিসেম্বর। বিষয়টি প্রকাশ করা হয় ৬ ডিসেম্বর। এরপর তাদের নমুনা পুনরায় পরীক্ষা করা হয়। গত ১১ ডিসেম্বর তাদের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ে গিয়েছিলেন নারী ক্রিকেটাররা। ওমিক্রনের কারণে মাঝপথে বাছাইপর্ব স্থগিত হয়ে যাওয়ার পর কয়েকটি দেশ ঘুরে গত ৩০ নভেম্বর দেশে ফেরেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.