Sylhet Today 24 PRINT

সেনা সদস্য সাইফ হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০২১

ঝিনাইদহের সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ‌মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনজন আসামি পলাতক ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আহাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের সূত্র জানান, ২০১৮ সালের ১৮ আগস্ট মোটরসাইকেলযোগে ঝিনাইদহের বংকিরা এলাকায় যাচ্ছিলেন মো. হাফিজ উদ্দিনের দু’ছেলে। সঙ্গে ছিল হাফিজের বড় ছেলের শ্বশুর। বেলতলারদাড়ি নামক স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা তাদের ওপর আক্রমণ করে। আক্রমণে হাফিজের বড় ছেলে সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফ মারা যান। পরে এ ঘটনাটি ঝিনাইদহ জেলার আলোচিত ঘটনা হিসেবে গণ্য হয়।

আদালত সূত্র আরও জানায়, ঝিনাইদহের বংকিরা পশ্চিমপাড়া এলাকার হাফিজ উদ্দিন পেশায় একজন কৃষক। তার বড় ছেলে সাইফুল ইসলাম সাইফ বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স করপোরাল পদে টাঙাইল জেলার ঘাটাইল আর্মি মেডিকেল ট্রেনিং সেন্টারে ও ছেলে মো. মনিরুল ইসলাম বাংলাদেশ নৌ বাহিনী কোস্টগার্ড বাহিনীতে কর্মরত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.