Sylhet Today 24 PRINT

ব্যাটারিচালিত থ্রি হুইলার বন্ধের নির্দেশ হাই কোর্টের

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০২১

সারাদেশে ব্যাটারিচালিত থ্রি-হুইলার বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত এসব যানবাহন আমদানি ও কেনা-বেচার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

পরে আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এছাড়া ইজিবাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই ইজিবাইকের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ কারণে সারাদেশে চলা অবৈধ প্রায় ৪০ লাখ ইজিবাইক বন্ধের নির্দেশনা চেয়ে আমরা হাই কোর্টে রিট করি।

গত ১৩ ডিসেম্বর বাঘ ইকো মোটরস লিমিটেডের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাই কোর্টে রিটটি করা হয়। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ ৭ জনকে রিটে বিবাদী করা হয়।

আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, রিটের শুনানি নিয়ে আজকে আদালত ব্যাটারিচালিত ৪০ লাখ ইজিবাইক জব্দের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। একইসঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অবৈধ ইজিবাইক আমদানি থেকে বিরত থাকতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.