Sylhet Today 24 PRINT

৭৪ দেশের জন্য ৯৩ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা বিশ্বব্যাংকের

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশসহ বিশ্বের ৭৪টি স্বল্পআয়ের দেশের জন্য ৯৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিংশ্বব্যাংক। বুধবার বিশেষ এই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় সংস্থাটি।

বিশ্বব্যাংক বলছে, এই তহবিল দেশগুলোকে মহামারি, আর্থিক ধাক্কা এবং প্রাকৃতিক দুর্যোগসহ ভবিষ্যতের সংকট মোকাবেলায় আরো ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে।

সংস্থাটির আন্তর্জাতিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের (আইডিএ) পক্ষ থেকে এটি সবচেয়ে বড় আর্থিক সহায়তা। জাপান আয়োজিত দু’দিনব্যাপী এক ভার্চুয়াল বৈঠকে এই তহবিলের অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেছেন, কভিড-১৯ সংকট থেকে পুনরুদ্ধার প্রচেষ্টায় দরিদ্র দেশগুলোকে সহায়তা করতে আমাদের অংশীদারদের এই অকৃপণ প্রতিশ্রুতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিশ্বজুড়ে ৭৪টি দেশ এই অর্থ সহায়তা পেলেও এর প্রায় ৭০ শতাংশই যাবে আফ্রিকা মহাদেশে। দক্ষিণ এশিয়ায় আইডিএ’র এই তহবিল পাওয়ার যোগ্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.