Sylhet Today 24 PRINT

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির হট্টগোল

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০২১

বিজয় দিবসের সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নিজেদের মধ্যে হট্টগোলে জড়িয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। স্মৃতিসৌধ প্রাঙ্গণে করেছেন ভাঙচুর।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুলেল শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধের বেদির দিকে এগিয়ে আসেন।

এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, শ্যামা ওবায়েদসহ অনেকে।

বেদির সামনে বাম দিকে ঢাকা জেলা বিএনপি ও ডান দিকে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা আগে থেকে অবস্থান করছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষ হলেও বেদি ত্যাগ করছিলেন না তারা।

বেদির সামনেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে স্লোগান দিতে থাকেন তারা।

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের সরে যেতে হুইসেল বাজালেও সরতে রাজি হননি বিএনপির কর্মীরা। বরং করতালি দিয়ে আরও জোরে স্লোগান দিতে থাকেন তারা।

মহাসচিব ফখরুলসহ দলের সিনিয়র নেতা-কর্মীরা পেছনে অপেক্ষা করছিলেন। প্রায় আধা ঘণ্টা পর বিএনপির চেয়ারপারসন ফোর্সের (সিএসএফ) সদস্যরা কর্মীদের সরে যেতে বলেন।

এ সময় বিএনপির কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করেন। ফখরুল, রিজভীসহ নেতারা ধাক্কায় পড়ে যান। সিএসএফের এক সদস্যকে কর্মীদের ধাক্কা দিয়ে সরাতে দেখা যায়। আমানুল্লাহ আমানকে দেখা যায় কর্মীদের দিকে উত্তেজিত হয়ে তেড়ে যেতে।

এরপর সিএসএফের সদস্যদের সহযোগিতায় মহাসচিবসহ সিনিয়র নেতা-কর্মীরা বেদি ত্যাগ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও নেতারা ভিড়ের কারণে বাধার মুখে পড়েন। স্মৃতিসৌধে থাকা ফুলের টব ভাঙচুর করেন কর্মীদের কয়েকজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.