Sylhet Today 24 PRINT

রমনা কালী মন্দিরের ভবন উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২১

রাজধানীর রমনা কালী মন্দিরের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে তিনি ভবন উদ্বোধন করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী ও কন্যাসহ মন্দিরে আসেন ভারতের রাষ্ট্রপতি। মন্দিরে তাদের অভ্যর্থনা জানান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

রামনাথ কোবিন্দ রমনা কালী মন্দিরে ১৫ মিনিট অবস্থান করেন। এ সময় তিনি প্রার্থনায় অংশ নেন বলে জানান রমনা কালী মন্দির কমিটির সভাপতি উৎপল সরকার।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রীয় সফরে বুধবার ঢাকায় আসেন কোবিন্দ। বিমানবন্দরে নেমেই সেখান থেকে হেলিকপ্টার করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। পরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি।

সফরের প্রথম দিন বিকালে সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোবিন্দ। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন এবং নৈশ ভোজে অংশ নেন।

বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন কোবিন্দ। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন ভারতের রাষ্ট্রপতি। তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.