Sylhet Today 24 PRINT

বিমানের আসনের নিচ থেকে ১০ কেজি স্বর্ণের বার উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটের পৃথক দুটি আসনের নিচ থেকে ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৭ কোটি টাকা।

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটের ১৭ বি নম্বর ও পাশের সিটের নিচে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করে।

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস এর উপ-পরিচালক এস এম সুলতান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১৪৮ এ স্বর্ণ বার থাকার গোপন তথ্য পাওয়া যায়। তারই ভিত্তিতে বিমানটি বিমানবন্দরে অবতরণের পর প্রতিটি যাত্রী ও বিমানের অভ্যন্তরে কঠোর তল্লাশি চালানো হয়। এই সময় বিমানের দুটি আসনের নিচে লুকানো টেপ মোড়ানো অবস্থায় ৮৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দ করা স্বর্ণবারের মূল্য প্রায় ৭ কোটি টাকা উল্লেখ করে তিনি জানান, এ ব্যাপারে কাস্টমস আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.