Sylhet Today 24 PRINT

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০২১

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের ইসলামাবাদ সফর বাতিল করা হয়েছে।

পাকিস্তানে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকে অংশ নিতে শনিবার (১৮ ডিসেম্বর) প্রতিমন্ত্রীর ইসলামাবাদে যাওয়ার কথা ছিল। কোভিড সংক্রমণের আশঙ্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ইসলামাবাদ সফরটি বাতিল করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আফগানিস্তানে ক্রমশ খারাপ হতে থাকা মানবিক সংকটের বিষয়ে আলোচনার জন্য রোববার ইসলামাবাদে মন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক বসছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোভিড-১৯-এ আক্রান্ত একজনের কাছাকাছি যাওয়ার পর থেকে গত কয়েক দিন ধরে আইসোলেশনে রয়েছেন। এ কারণে তিনি পাকিস্তান সফর বাতিল করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। পররাষ্ট্রসচিব এরআগে শনিবার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

প্রতিমন্ত্রী এই সফর যেতে পারলে এটা হতো এক দশকের মধ্যে বাংলাদেশ থেকে পাকিস্তানে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.