Sylhet Today 24 PRINT

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০২১

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। রোববার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় গত ১৩ নভেম্বর। এভারকেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিকেল টিম তার চিকিৎসা সেবা দিচ্ছেন। ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এর আগে অসুস্থতার জন্য টানা ২৬ দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর বাসায় ফেরেন তিনি। এর আগে গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে গত বছরের মার্চ পর্যন্ত ২৫ মাস কারাগারে ছিলেন খালেদা জিয়া। সে সময়ে তার সুচিকিৎসা না হওয়ায় তার শারীরিক অবস্থা খারাপ হয় বলে অভিযোগ করেছে বিএনপি। তবে আওয়ামী লীগ বলছে, সরকার কারাগারে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছে খালেদা জিয়াকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.