Sylhet Today 24 PRINT

রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০২১

রাজধানীর বনশ্রীতে অছিম পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক স্বপন (৩৫) এবং যাত্রী ফাতেমা আক্তার (৪০)। আহতরা হলেন- নিহত ফাতেমা আক্তারের দুই ছেলে শাকিব (১৭) ও শাকির (৮)।

ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা অ্যাম্বুলেন্সচালক আরিফ বলেন, বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালের সামনে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে স্থানীয়রা আমার অ্যাম্বুলেন্সে হতাহতদের তুলে দেন। ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক অটোরিকশার চালক স্বপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত যাত্রী ফাতেমাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। এক ঘণ্টা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার পরিদর্শক(তদন্ত) সুজিত কুমার সাহা বলেন, বনশ্রীর ফেমাস হাসপাতালের সামনে অটোরিকশা ও অছিম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় নিহত ফাতেমা আক্তারের দুই ছেলের অবস্থাও আশঙ্কাজনক। অটোরিকশাচালক স্বপন ও ফাতেমার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশা নিয়ে উত্তরায় বোনের বাসায় যাচ্ছিলেন নিহত ফাতেমা আক্তার ও তার দুই ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.