Sylhet Today 24 PRINT

সচিব পদে বড় রদবদল

সিলেটটুডে ডেস্ক: |  ২০ ডিসেম্বর, ২০২১

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগসহ সরকারের সচিব পর্যায়ে বড় ধরনের পরিবর্তন করা হয়েছে। ১১ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে সচিব পদে এ পরিবর্তন করা হয়েছে।

পাঁচ জন অতিরিক্তি সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে আরও ছয়জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের সচিব করে পাঠানো হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব করা হয়েছে। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবিরকে পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী পদোন্নতি পেয়ে সচিব হলেও রাজউকেই একই পদে থাকছেন। বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাইফুল হাসান বাদল পদোন্নতির পর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে জ্বালানি ও খানিজ সম্পদ বিভাগে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের বদলি করা হয়েছে। দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর (সচিব) মো. মঞ্জুর হোসেনকে সেতু বিভাগের সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) রমেন্দ্রনাথ বিশ্বাসকে বিপিএটিসির রেক্টর হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক একটি প্রজ্ঞাপনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীনকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.