Sylhet Today 24 PRINT

শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করা সেই মেয়র বরখাস্ত

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গতকাল সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নানের সই করা প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারি দায়িত্ব পালনকালে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তদন্ত চলছে।

এতে আরও বলা হয়, মেয়র শাহনেওয়াজ শাহানশাহের উল্লেখিত আচরণ শিষ্টাচার বহির্ভূত, ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের শামিল যা প্রশাসনের দৃষ্টিতে সমীচীন নয় এবং জনস্বার্থের পরিপন্থি।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১ ও উপধারা (১) মেনে মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গতকাল একই অভিযোগে শাহানশাহকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.