Sylhet Today 24 PRINT

৩ জানুয়ারি থেকে ট্যাংকলরি ধর্মঘটের ডাক

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০২১

ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।

গতকাল মঙ্গলবার রাতে এক মিটিংয়ে আগামী ৩ জানুয়ারি থেকে ধর্মঘটে যাওয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়।

অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন জানান, গত ৪ নভেম্বর ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। কিন্তু ট্যাংকলরির ভাড়া বাড়ানো করা হয়নি। অথচ তেলের মূল্য বৃদ্ধির আগে থেকেই ট্যাংকলরির চ্যাসিস, ট্যাংকার, খুচরা যন্ত্রাংশ, আয়কর, শ্রমিকদের বেতন বাবদ ট্যাংকলরিতে বিনিয়োগ কয়েকগুণ বেড়েছে।

তিনি বলেন, আমরা ভাড়া বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের বারবার চিঠি দিলেও আমলে নেওয়া হয়নি। বর্তমানে লোকসানের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় আগামী ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরি বন্ধ থাকবে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।

ভাড়া না বাড়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ থাকবে জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.